মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ জাতীয়করণে সর্বোচ্চ অগ্রাধিকার: প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় তাঁর নির্বাচনি এলাকা ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।
তিনি বলেন, বিশেষ করে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ-কে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণের লক্ষ্যে কাজ চলছে।
শনিবার মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপসহ অন্যান্য ক্ষেত্রে যেন অসহায় ও নিম্নবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে শিক্ষকদের সংবেদনশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি ঢাকা-১৬ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করার কঠোর হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংসদীয় কর্মপরিকল্পনা চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল খোশনবীশ ও সভাপতি মইনুল হক মইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।