অটোপাসের দাবিতে আন্দোলন: উপাচার্যের গাড়িতে হামলা, লাঞ্ছিত

অটোপাসের দাবিতে আন্দোলনরত ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলা চালিয়েছে। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে উপাচার্যের গাড়িতে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা গাড়ি ঘিরে ধরে উত্তেজনা সৃষ্টি করে এবং একপর্যায়ে হামলা চালায়।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের “অন্যায্য দাবি” ও “অন্যায় আবদারের” প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই সমর্থন দিতে পারে না। তিনি স্পষ্টভাবে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই অটোপাস নীতিকে সমর্থন করে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষার গুণগত মান বজায় রাখতে অটোপাস ও গ্রেস নম্বর নিরুৎসাহিত করা হবে এবং এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

উপাচার্য সতর্ক করে বলেন, “একবার অটোপাস দেওয়া হলে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।”

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ২১ মে অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় প্রথমবারের মতো আহত হয়েছিলেন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।