আজ সিদ্ধান্ত: অনলাইন-অফলাইন মিলিয়ে ক্লাস চালুর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি সংকট মোকাবেলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল)।

গত রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, এ বিষয়ে আজকের মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, বিষয়টি নিয়ে আরও কিছু আলোচনা প্রয়োজন রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আলাদা নির্দেশনা দিতে শুরু করেছে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।