এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে কঠোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সংশ্লিষ্ট সকলকে পরীক্ষা চলাকালে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস বা নকল কোনোভাবেই বরদাশত করা হবে না এবং এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ এ অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর এসএসসি পরীক্ষা-২০২৬-এর কেন্দ্র সচিবদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় (জুম মিটিং) তিনি এসব নির্দেশনা দেন।
সভায় তিনি আরও বলেন,
👉 প্রশ্নফাঁস প্রতিরোধে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করতে হবে
👉 পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সক্রিয় থাকতে হবে
👉 দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
📚 কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে ইন-হাউজ কোচিং ব্যবস্থা চালু করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কোচিং পরিচালনা করলে শিক্ষকদের সম্মানী দেওয়া হবে
প্রতিষ্ঠানের বাইরে কোচিং করালে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
তিনি জোর দিয়ে বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

