কুড়িগ্রামে শিক্ষক নিয়োগে ঘুষ ও অনিয়মের অভিযোগে তালা ঝুলল স্কুলে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে অবস্থিত একটি বেসরকারি বিদ্যালয় ‘ফ্রেন্ডশিপ স্কুল’ শিক্ষক নিয়োগে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ তুলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ে তালা দেওয়ার কারণ জানিয়ে সংবাদ সম্মেলন করেন জমির মালিকের সন্তানরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্রেন্ডশিপ নামের একটি এনজিও ওই এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি চাইলে গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলী শর্তসাপেক্ষে ৫০ শতাংশ জমি দান করেন। পরে সেখানে বিদ্যালয় ভবন নির্মাণ করে প্রায় সাত বছর ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
তালা ঝোলার ফলে শিক্ষার্থীরা এখন তাদের ক্লাস ও পরীক্ষা কার্যক্রমে ঝামেলায় পড়েছেন। স্থানীয়রা আশা করছেন, বিষয়টি দ্রুত সমাধান হয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে।