কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি-তে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। তবে এটি কোনো সার্কুলার বা কঠোর আইন প্রয়োগ করে নয়, বরং ধীরে ধীরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস বা কোচিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে এ জন্য নির্ধারিত ফি নেওয়া যেতে পারে, যা সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করা যাবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমানে অনেক কোচিং সেন্টার ও গ্যারেজভিত্তিক ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত হচ্ছে। এগুলোকে ধীরে ধীরে সরকারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।