ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে বীরসিংহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
⚽ বালিকা বিভাগে, ছয়ানী বকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর বিরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে চর বিরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
⚽ বালক বিভাগে, পাঁচটিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছয়ানী বকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। এতে ৪-২ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় পাঁচটিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
🏅 খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, গৌরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ খায়রুজ্জামান ভূইয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সাবেক সভাপতি ইমরান হোসেন, লোকেরপাড়া ইউনিয়ন ক্রীড়া সদস্য সচিব ও পাঁচটিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিয়াজ আহম্মদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মো. রেজাউল করিম।
🎤 মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোমলমতি শিক্ষার্থীদের চমৎকার নৈপুণ্যে উপস্থিত দর্শকরা উপভোগ করেন দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা।