চৈত্রে আষাঢ়ের ছোঁয়া: ঝড়-বৃষ্টিতে ভিজছে দেশ, আজও কালবৈশাখীর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক:
চৈত্র মাসের আবহাওয়া যেন আষাঢ়ের রূপ নিয়েছে। প্রতিদিন দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এর সঙ্গে হচ্ছে শিলা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, ফলে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।

গতকাল বুধবার দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়, ৪৯ মিলিমিটার। এছাড়া রাজধানী ঢাকায়ও গতকাল দিবাগত রাত থেকে টানা বৃষ্টি ঝরেছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবারও দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টি।

এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।