১১ হাজার পদে ৫৩ হাজার আবেদন: এনটিআরসিএতে তীব্র প্রতিযোগিতা
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানসহ মোট ১১ হাজার ১৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় তৈরি হয়েছে তীব্র প্রতিযোগিতা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, আগামী ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরও একটি নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ের শূন্যপদ পূরণের লক্ষ্যে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে এখন পর্যন্ত ৭টি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১ লাখ ৮৯ হাজার ২৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১১ হাজার ১৫১টি পদের মধ্যে—
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে: ৭,৯০৮টি
- কারিগরি শিক্ষা অধিদপ্তরে: ১১২টি
- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে: ৩,১৩১টি
গত ২৫ মার্চ প্রকাশিত ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তির ভিত্তিতে এই আবেদন জমা পড়েছে।
আবেদনকারীদের মধ্যে পুরুষ প্রার্থী ৪৭ হাজার ৩৫১ জন এবং মহিলা প্রার্থী ৫ হাজার ৭১৮ জন। বর্তমানে পরীক্ষা গ্রহণসহ পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান।
এছাড়া এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের জন্য ২৯ মার্চ ‘৯ম এনটিআরসিএ শিক্ষক নিয়োগ’ সংক্রান্ত e-Requisition (শূন্যপদ সংগ্রহ) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদের তথ্য সংগ্রহ শেষ হলে পরবর্তী নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

