বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, নিহত ২
পটুয়াখালীর বাউফল উপজেলার বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে ভয়াবহ নৌদুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঢাকা–পটুয়াখালী রুটে চলাচলকারী ‘আওলাদ’ নামের একটি তিনতলা যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তরমুজবোঝাই একটি ট্রলারের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় তরমুজবোঝাই ট্রলারটি প্রায় ৪০০টি তরমুজসহ মুহূর্তেই নদীতে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এ সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে

