২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ (২৫ মার্চ) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত। প্রাথমিকভাবে, প্রতিটি শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সময় বাধ্যতামূলক এক লাখ টাকা জমা দিতে হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তিকৃত শিক্ষার্থীরা আসন শূন্য থাকলে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল বা ডেন্টাল কলেজে স্থানান্তরিত হতে পারবেন। মাইগ্রেশনের জন্য আবেদন করা যাবে ২৯ মার্চ বিকাল ৫টা থেকে ৩১ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তির জন্য শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই করা হবে এবং মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। প্রাথমিকভাবে জমা দেওয়া এক লাখ টাকার পর বাকি ফি সরকার নির্ধারিত অনুযায়ী মাইগ্রেশন প্রক্রিয়া শেষে কলেজে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
ভর্তি প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ফলাফলের কপি, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার সনদপত্র, রেজিস্ট্রেশন কার্ড, নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট সাইজের ছবি।
ভর্তি প্রক্রিয়া শেষে শিক্ষার্থীদের সনদপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে যাচাই করা হবে এবং চূড়ান্ত ভর্তি তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পোর্টালে আপলোড করতে হবে। কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১ এপ্রিলের মধ্যে ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা অধিদপ্তরে জমা দিতে।

