ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিকের পাঠদান পুনরায় চালুর উদ্যোগ

রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজ-এ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে পাঠদান কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মাধ্যমে একটি প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির মাধ্যমে কলেজটির অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান পুনরায় চালুর আবেদন বিবেচনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন। এর মধ্যে রয়েছে—কোন বছর এবং কী কারণে কলেজটিতে এইচএসসি কার্যক্রম বন্ধ হয়েছিল।
এছাড়া, পুনরায় এই কার্যক্রম চালু করতে সরকারের অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দের প্রয়োজন হবে কি না—সেটিও জানতে চাওয়া হয়েছে।
প্রয়োজনীয় তথ্যসহ একটি পূর্ণাঙ্গ প্রস্তাব মাউশির মাধ্যমে পাঠাতে কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *