নতুন জাতীয়করণকৃত কলেজশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ঢাকা, স্টাফ রিপোর্টার: নতুন জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের জন্য “Induction Training for Non-Cadre Teachers” প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। অনুষ্ঠানটি রবিবার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকেরা জাতির ‘প্র্যাকটিক্যাল ডক্টর’, যাঁরা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। তিনি মনে করেন, নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষার্থীদের সন্তানতুল্য মনে করে তাদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মন্ত্রী শিক্ষার কাঠামোগত সমস্যা যেমন এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় ক্ষতির কারণ। তিনি কার্যকর সংস্কারের গুরুত্বে জোর দেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকদের উদ্দেশ্যে তিনি নির্দেশনা দেন, প্রশিক্ষণ শেষে প্রত্যেকে লিখিত সুপারিশ জমা দেবেন, যাতে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত ও সময়োপযোগী করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নতুন জাতীয়করণকৃত কলেজের শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *