এসএসসি পরীক্ষার আগে ভিকারুননিসায় পিকনিক, অভিভাবকদের ক্ষোভ
স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এর আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে পিকনিক আয়োজনকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর পূর্বাচলে প্রতিষ্ঠানটির প্রায় ২ হাজারের বেশি ছাত্রী ও শিক্ষকরা পিকনিকে অংশ নেন। অথচ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ পরীক্ষার মাত্র ২১ দিন আগে এই আয়োজন করা হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার আগে এ সময়টিতে শিক্ষার্থীদের নিবিড় পড়াশোনায় মনোযোগ দেওয়া প্রয়োজন। এমন অবস্থায় পুরো দিনের পিকনিক শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, অনেক আগে থেকেই পিকনিকের পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। পরীক্ষা সামনে থাকায় আয়োজন না করার সিদ্ধান্ত থাকলেও শিক্ষার্থীদের আগ্রহের কারণে সংক্ষিপ্ত আকারে পিকনিক আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য দুপুর ২টার মধ্যেই পিকনিক শেষ করে সবাইকে বাসায় ফেরার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

