মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা অনুমোদনের অপেক্ষায়, আজ সিদ্ধান্ত আসতে পারে
নিজস্ব প্রতিবেদক।।
এমপিওভুক্ত স্কুল-কলেজের মতো এবার মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নীতিমালাটি বর্তমানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুমোদনের জন্য তার দপ্তরে রয়েছে। আজই ফাইলটি অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও অতিরিক্ত সচিব মো. উবায়দুল হক।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা) শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে এ বদলি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালার মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের কষ্ট লাঘব এবং বদলি প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা।
নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক তার কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হতে পারবেন। তবে বদলির ক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অনুমোদন বাধ্যতামূলক থাকবে। নীতিমালা অনুমোদনের পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক চিঠি জারি করা হবে এবং তা ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
এর পাশাপাশি শিক্ষকদের বদলি প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার জন্য একটি সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে স্কুল-কলেজ পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষকরা এ ধরনের অনলাইন বদলি ব্যবস্থার আওতায় এসেছে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য প্রেরণের সফটওয়্যার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, সফটওয়্যার উন্নয়নের কাজ চলমান থাকায় এটি বন্ধ রাখা হয়েছে এবং কাজ শেষ হলে নতুন সময়সূচি জানানো হবে।

