শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জিএসটি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা শাখার (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। তারা পরীক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটের পরীক্ষায় মোট ২৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যা পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করে।
📌 শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থীরাই
পরীক্ষার দিন একটি ব্যতিক্রমী চিত্র দেখা যায় ক্যাম্পাসজুড়ে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগীয় ক্লাবের উদ্যোগে স্থাপন করেন একাধিক হেল্প ডেস্ক। এসব ডেস্ক থেকে পরীক্ষার্থীদের সিট খোঁজা, হল নির্ধারণসহ বিভিন্ন তথ্য সহায়তা দেওয়া হয়।
📌 অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ
পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে থাকা অভিভাবকদের জন্যও রাখা হয় আলাদা বসার ব্যবস্থা। নির্ধারিত নিরাপদ স্থানে বসার এই উদ্যোগ অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দেয়।
📌 স্বেচ্ছাসেবীদের প্রশংসনীয় কার্যক্রম
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘দাওয়াহ্ সার্কেল, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়’ পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল, স্যালাইন এবং প্রয়োজনীয় তথ্য সহায়তা প্রদান করে। তাদের এই উদ্যোগ পরীক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করে।

