দ্রুততম সময়ে সব শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস

দ্রুততম সময়ে সব শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস
নিজস্ব প্রতিবেদক
দেশের সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলার শিক্ষার্থীদের মধ্যে এ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে এই সুবিধা পাবে বলে জানা গেছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে আরও একটি বড় উদ্যোগ হিসেবে এক বছরের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা পর্যায়ের সব শিক্ষকের হাতে ট্যাব সরবরাহের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
জানা গেছে, এই উদ্যোগটি মূলত নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। নির্বাচনের আগে প্রকাশিত ইশতেহারে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, ফ্রি ওয়াই-ফাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করমুক্ত সুবিধা, তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা এবং মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার মতো বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছিল।
এ বিষয়ে ২৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথমে ২ লাখ শিক্ষার্থীর কথা উল্লেখ করা হয়। তবে পরবর্তীতে ২৭ মার্চ রাতে সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশের সব স্কুল শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এদিকে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, কতজন শিক্ষার্থী এই সুবিধা পাবে এবং কবে নাগাদ বাস্তবায়ন করা হবে—এসব বিষয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *