নীলফামারীতে তিন ট্যাংকলরি শ্রমিকের কারাদণ্ডের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, নীলফামারী: নীলফামারীতে তিন ট্যাংকলরি শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা প্রদানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে শ্রমিকরা। এই কারণে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্ট নেতারা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।
ঘটনার বিবরণে বলা হয়, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে নীলফামারীর দিকে যাচ্ছিলেন তিন শ্রমিক। পথে তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। তখন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল চুরির অভিযোগে তাদের ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন।
জেলা প্রশাসন দাবি করেছে, শ্রমিকরা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে তেল ড্রামে তেল ভরার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *