তাড়াশ পৌরসভায় দুই মাসে ধসে পড়ল আট কোটি ৪৭ লাখ টাকার রাস্তা
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় মাত্র দুই মাসের মধ্যে ১৭টি আরসিসি রাস্তার গাইড ওয়ালে ধস ও ফাটল দেখা দিয়েছে। নির্মাণে খরচ করা হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা। এ ঘটনায় স্থানীয়রা তীব্র দুর্ভোগে পড়েছেন।
বুধবার (২৫ মার্চ) লিখিত অভিযোগ করেন রিপন সরকার, যিনি পৌরসভার তাড়াশ (থানা পাড়া) মহল্লার মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। অভিযোগপত্রে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর পাবনা ও বগুড়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তা নির্মাণ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ঠিকাদার প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহাগ রানার সঙ্গে যোগসাজশ করে বরাদ্দকৃত অর্থের সিংহভাগ আত্মসাৎ করা হয়েছে। শর্ত অনুযায়ী ছয় ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও মাত্র তিন ইঞ্চি করা হয়েছে, চার ইঞ্চি অন্তর রড দেওয়ার কথা থাকলেও ১২ ইঞ্চি অন্তর দেওয়া হয়েছে। গাইড ওয়াল নির্মাণে ১২ মিলি রড ব্যবহার করা হয়নি এবং প্যালাসাইডিং রডে রিং ব্যবহার করা হয়নি। এছাড়া নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়েছে।
অভিযোগের অনুলিপি তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

