শিক্ষকতা মানেই শুধু পাঠদান নয়: ড. কামরুল হাসান
ঢাকা, ২৯ মার্চ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন রোববার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে শিক্ষার প্রকৃত লক্ষ্য এবং শিক্ষকের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, শিক্ষক যদি পার্ট-টাইম অন্যত্র পড়ানো বা রাজনীতিতে ব্যস্ত থাকেন, তাহলে তারা প্রকৃত শিক্ষক হয়ে উঠতে পারেন না। এজন্য রাষ্ট্রকে শিক্ষকদের জন্য স্বতন্ত্র উন্নত বেতন স্কেল প্রদান করতে হবে, যাতে মেধাবীরা এই পেশায় আসতে আগ্রহী হয়। উন্নত রাষ্ট্র গঠনে এর বিকল্প নেই।
অধ্যাপক মামুন আরও বলেন, শিক্ষকতার মানে শুধু শ্রেণিকক্ষে দাঁড়িয়ে পাঠদান নয়। শিক্ষকের সাফল্য তার ব্যক্তিগত অর্জন দিয়ে নির্ধারিত হয় না, বরং শিক্ষার্থী ও সমাজের জন্য তিনি কতটা নির্মাণ করেছেন এবং নতুন প্রজন্মকে কত দূর স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন—এটিই আসল মূল্যায়ন।
তিনি প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো ও এরিস্টটল এর উদাহরণ দিয়ে বলেন, তারা কখনও প্রচলিত অর্থে শ্রেণিকক্ষে দাঁড়িয়ে পাঠদান করেননি এবং পাঠ্যবই থেকেও সরাসরি জ্ঞান দেননি। বরং তাদের জীবনই ছিল জীবন্ত পাঠ্যপুস্তক। শিক্ষার্থীরা তাদের কাছে যেত বাধ্য হয়ে নয়, বৌদ্ধিক আকর্ষণে। শিক্ষক কেবল মস্তিষ্ককে নয়, চরিত্রকেও শিক্ষিত করতেন।

