বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি বিদ্যালয়ে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা ইসলামকে মারধর, লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর এবং অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাম সুজন ও তার সমর্থকরা হঠাৎ বিদ্যালয়ে প্রবেশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ওপর হামলা চালায়। এসময় তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং অফিস কক্ষের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং অফিসে থাকা নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ঘটনার পর আহত প্রধান শিক্ষিকাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *