এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব হতে পারবেন যারা, নতুন চিঠি
নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (১ এপ্রিল) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি বোর্ডের আওতাধীন সকল এসএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য প্রযোজ্য।
নির্দেশনায় বলা হয়েছে, বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানই কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অপারগ হলে কেন্দ্র কমিটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে সহকারী প্রধান শিক্ষক অথবা সিনিয়র শিক্ষককে কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া যাবে।
এ ক্ষেত্রে নতুন কেন্দ্র সচিবের নাম মনোনয়ন দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া, স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ একটি শর্ত আরোপ করা হয়েছে। কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান যদি সংশ্লিষ্ট বোর্ডের কোনো কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে তিনি সেই কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
বোর্ড সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

