কুমিল্লা রেলপথে ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং: বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

কুমিল্লা রেলওয়ে অঞ্চলের প্রায় ১৮৬ কিলোমিটার রেলপথে ১১৬টি অনুমোদনহীন লেভেল ক্রসিং অরক্ষিত অবস্থায় রয়েছে, যা প্রতিনিয়ত পথচারী ও যানবাহনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এসব অনিরাপদ ক্রসিংয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, ফলে বাড়ছে প্রাণহানি ও আহতের সংখ্যা।

লাকসাম রেলওয়ে থানার আওতাধীন এলাকায় গত এক দশকে সাড়ে পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া অসংখ্য মানুষ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। স্থানীয়দের মতে, এসব ক্রসিং এখন কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

শুধু অনুমোদনহীন ক্রসিং নয়, বৈধ লেভেল ক্রসিংগুলোতেও গেটম্যানদের দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। সময়মতো গেট বন্ধ না করা এবং পর্যাপ্ত সতর্কতা না থাকায় অনেক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ গত ২১ মার্চ রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ১২ জন নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।

দুর্ঘটনাপ্রবণ এসব স্থানে ‘অনুমোদনহীন লেভেল ক্রসিং, নিজ দায়িত্বে পারাপার হউন’—এমন সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দায় এড়ানোর অভিযোগ উঠেছে রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে করে যাত্রী ও পথচারীরা ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন।

এ অবস্থায় দ্রুত এসব অনিরাপদ লেভেল ক্রসিংয়ে গেট স্থাপন, পর্যাপ্ত গেটম্যান নিয়োগ এবং কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে, যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।