নকলমুক্ত এসএসসি পরীক্ষা আয়োজনের নির্দেশনা: শিক্ষা মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সহযোগিতায় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল। এবারও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়াল (জুম) সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। তিনি প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন এবং বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, এই প্রযুক্তিগত ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পরীক্ষাকেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণেও সহায়ক হবে।
👨🏫 শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস
শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,
“শিক্ষকদের পূর্বেও আমি নিরাপত্তা দিয়েছি, এবারও দেব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন।”
📄 খাতা মূল্যায়নে কঠোর নির্দেশনা
পরীক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, খাতায় যা-ই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।
🤝 সহযোগিতা কামনা
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। তিনি একটি মেধাবী জাতি গঠনে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন

