এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

বরিশালের উজিরপুর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) উজিরপুর উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষার সময় তাফসির ইসলাম অন্য পরীক্ষার্থীর হয়ে অংশ নেওয়ার চেষ্টা করেন। পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে তার পরিচয় যাচাই করা হয়।
যাচাই-বাছাই শেষে প্রক্সি দেওয়ার বিষয়টি নিশ্চিত হলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে শাস্তি প্রদান করেন।
আদালত তাকে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল বলেন,
“পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাশত করা হবে না।”
তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।