দেশব্যাপী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ, ড্রেস ও জুতা বিতরণ শুরু জুলাইয়ে
নিজস্ব প্রতিবেদক:
সরকার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ, ড্রেস (ইউনিফর্ম) ও জুতা বিতরণের উদ্যোগ নিয়েছে। আগামী জুলাই মাস থেকে এ কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু হবে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় জানানো হয়, প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি স্কুলব্যাগ, ড্রেস ও জুতা বিতরণ করা হবে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা সম্প্রসারণ করা হবে।
মন্ত্রী বলেন, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে তাদের সক্ষমতা অনুযায়ী অনুদান নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ স্কুলব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় কমবে এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

