বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারীকরণে প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক।।
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় অবস্থিত শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারীকরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার মাত্র ৯ দিনের মাথায় বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, গাবতলী উপজেলার ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ সরকারি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সদয় সম্মতি প্রদান করেছেন। সরকারীকরণের পরবর্তী ধাপ হিসেবে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রতিষ্ঠানে নতুন নিয়োগ এবং স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা, সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল, এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা বা আর্থিক সংশ্লিষ্টতা আছে কি না তা যাচাই করে আইনগত মতামতসহ প্রতিবেদন পাঠানো।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল বগুড়া সফরকালে বাগবাড়ীর কলেজ মাঠে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কলেজটি সরকারি করার ঘোষণা দেন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর এ ঘোষণার দ্রুত বাস্তবায়ন শুরু হওয়ায় এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, কলেজটি সরকারি হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও বিস্তৃত হবে।

