সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীকে গুলি: প্রভাষক রায়হান শরীফের ২১ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ডা. রায়হান শরীফ সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ–এর কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। আদালতের সরকারি কৌঁসুলি রফিক সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ মার্চ তৎকালীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনে ক্লাস চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন রায়হান শরীফ। এতে তমাল গুরুতর আহত হন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রায়হান শরীফকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং দুটি অত্যাধুনিক ছোরা উদ্ধার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিজের কাছে রাখতেন এবং নিয়মিত কর্মস্থলে বহন করতেন। এছাড়া ছাত্রজীবন থেকেই তিনি সশস্ত্র ক্যাডার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও আদালতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।