শিক্ষকদের উৎসব ভাতা ১০০ শতাংশ করার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের উৎসব ভাতা ১০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, এ দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের জন্য প্রথম উৎসব ভাতা চালু করেছিলেন। তবে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে বর্তমান সরকার এ ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেছে। এখন এটিকে ১০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য বগুড়াকে একটি আধুনিক শিক্ষা নগরীতে পরিণত করা। “প্রধানমন্ত্রীর ইচ্ছা—বগুড়া হোক শিক্ষা নগরী, গড়ে উঠুক একটি এডুকেশনাল হাব,”—বলেন মন্ত্রী।
মন্ত্রী স্মরণ করিয়ে দেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত উত্তরবঙ্গে বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।”

